সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 2:52 pm

কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ মর্যাদা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আজম সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) উপদেষ্টা মহোদয় এমন একটা কথা বলেছেন। রোববার এ বিষয়ে অফিসিয়াল আদেশ জারি হবে।

এর আগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১২ অক্টোবর এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে। যদিও বিমানবন্দরটির প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এর আগে ২০২১ সালের আগস্টে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছিলেন, যার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মূলত এটিই এখন দেশের দীর্ঘতম রানওয়ে, যা বিমানবন্দরটির আন্তর্জাতিক রূপের জন্য অপরিহার্য ছিল।

এ মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক বিমানের উড়ান শুরুর ঘোষণাও দিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছিলেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট দিয়েই যাত্রা শুরু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের। পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত হবে আরও ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানিয়েছিল, প্রথম পর্যায়ে কক্সবাজার-ঢাকা-কলকাতা-কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনায় ধাপে ধাপে বাড়তে পারে ফ্লাইট সংখ্যা।

এইসব প্রস্তুতির ভেতরে আপাতত কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাকিত মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার।

সময়ের আলো/ ২৪ অক্টোবর ২০২৫

আরও - জাতীয় সংবাদ