সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:02 am

ভোটের সময় চলবে বাড়তি মেট্রো ট্রেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটারদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগের জন্য সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এ সময়ে রাজধানীতে মোট চার দিনের ছুটি থাকবে। এই সময় রাজধানীর যাত্রীদের যাতায়াত সহজ করতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নির্বাচনের দিন বাড়তি ট্রেন চালানো হবে এবং যাত্রীদের কোনো সমস্যা হবে না। ভোটকেন্দ্রের কাছে থাকা কিছু স্টেশনের গেট নিরাপত্তার কারণে বন্ধ রাখা হবে, তবে অন্যান্য গেট খোলা থাকবে। এমনটি জানা গেছে ডিএমটিসিএল থেকে।

নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রম এবং অন্যান্য দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।


৫ ফেব্রুয়ারী ২০২৬

আরও - জাতীয় সংবাদ