সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 9:40 am

২০২৫ সালের স্কুলের ছুটি ৭৬ দিন

দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। ছুটির তালিকায় অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক নির্বাচনী, একই শ্রেণির নির্বাচনী ও বার্ষিক পরীক্ষা ও ফল প্রকাশের তারিখও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ছুটি ঘোষণা করে সোমবার তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমিক অনুবিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।

ছুটির তালিকায় অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক নির্বাচনী, একই শ্রেণির নির্বাচনী ও বার্ষিক পরীক্ষা ও ফল প্রকাশের তারিখও ঘোষণা করা হয়েছে। ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষা হবে; ফল প্রকাশ হবে ২৭ জুলাই। ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হয়ে ১০ নভেম্বর ফল দেওয়া হবে। আর অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।

ছুটির তালিকায় বলা হয়েছে, পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে।

কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে স্কুল ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস ‘যথাযোগ্য মর্যাদায়’ স্কুলে উদযাপন করতে হবে। গত কয়েক বছরের মত আগামী বছর স্কুলগুলোতে ১৫ আগস্ট শোক দিবসের ছুটি থাকছে না।

প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো— পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

অন্যদিকে প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী- ২০২৫ সালের শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। সরকারঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যবই বিতরণ করতে হবে।

আরও - জাতীয় সংবাদ