-
Facebook
-
Twitter
-
Linkedin
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পদযাত্রা
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দীর্ঘ পদযাত্রা পঞ্চম দিনে পেশোয়ারে পৌঁছেছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় পেশোয়ারে প্রবেশ করে দলটির মিছিল। তবে শুরুতে ইসলামাবাদ অভিমুখে যাত্রার ঘোষণা দেওয়া হলেও এখনো পদযাত্রার চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করেনি দলটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, গত ৪ অক্টোবর লাখ্কি মারওয়াত থেকে এই পদযাত্রা শুরু হয়। পথে একাধিকবার কর্মসূচি ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার পেশোয়ারের হায়াতাবাদ টোল প্লাজায় পৌঁছালে পিটিআইয়ের কয়েক শ সমর্থক মিছিলটিকে স্বাগত জানান। সেখানে সমর্থকদের উদ্দেশে সোহেল আফ্রিদি বলেন, ‘প্রকৃত স্বাধীনতার’ সংগ্রামে তাঁদের দৃঢ় থাকতে হবে। ইমরান খান কারাগারে যে কষ্ট ভোগ করছেন, তার তুলনায় পদযাত্রায় অংশগ্রহণকারীদের সাময়িক অসুবিধা বড় নয় বলেও মন্তব্য করেন তিনি।
আফ্রিদি জানান, পেশোয়ারের বিভিন্ন এলাকায় যাওয়ার পর পরবর্তী কর্মসূচি সম্পর্কে আরও তথ্য জানানো হবে। পেশোয়ারের পর মিছিলের পরবর্তী গন্তব্য হিসেবে চর্সাদ্দার কথা জানিয়েছেন তিনি। তবে সোয়াবিতে পৌঁছে দলের পরবর্তী পদক্ষেপের বিস্তারিত ঘোষণা দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।
পিটিআইয়ের পরিকল্পনায় পরিবর্তনের মধ্যে নিরাপত্তা ও যোগাযোগ পরিস্থিতিও আলোচনায় এসেছে। মিছিল পেশোয়ারে পৌঁছানোর আগে শহরের কয়েকটি এলাকায় মোবাইল ও সেলুলার ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান জানিয়েছেন, ১০ অক্টোবর মারদানে এবং ১১ অক্টোবর সোয়াবিতে সমাবেশের পরিকল্পনা রয়েছে। এরপর দলের নেতৃত্ব পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।
পদযাত্রাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনও অব্যাহত রয়েছে। ইসলামাবাদে বিক্ষোভ বা জমায়েতের বিষয়ে সরকার সতর্কবার্তা দিয়েছে। অন্যদিকে, পিটিআইয়ের দাবি, রাজনৈতিক সংকটের সমাধান হওয়া উচিত সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে। দলটি ইমরান খান ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানিয়ে আসছে।
সূত্র: ডন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
১০ অক্টোবর, ২০২৬