সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 2, 2026 1:28 pm

বসে গল্প করছিলেন বৃদ্ধরা, পিকআপের চাপায় নিহত ২

ফজরের নামাজ শেষে মসজিদের সামনে দোকানে বসে গল্প করার সময় দ্রুতগতির একটি ইটবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রবীণদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

সোমবার (২ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (১০০)। আহত হয়েছেন একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে হামেম বেপারী (৭৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদিখানের দিক থেকে আসা ইটবোঝাই নম্বরবিহীন একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নেকবর সরকার নিহত হন। গুরুতর আহত কাইয়ুম দেওয়ান ও হামেম বেপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান হামেম বেপারী।

আহত হামেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ পিকআপ ভ্যানটি তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং তারা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাদের দাবি, গাড়িটির ভেতরে গাঁজা ও গাঁজা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/এমই
০২ নভেম্বর ২০২৬

আরও - জেলা সংবাদ