সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 12, 2026 6:58 pm

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। গত ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় আজকের লড়াইটি ছিল গ্রুপসেরা হওয়ার। একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে কোচ থমাস ডুলির লাল-সবুজের দল। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের হয়ে গোল করেছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব হোসেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের আট মিনিটে অধিনায়ক হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। প্রথম প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি চেষ্টায় বল জালে পাঠান এই ডিফেন্ডার।

২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রাকিবের দারুণ পাস থেকে বল পান হামজা। তবে সামনে শ্রীলঙ্কার ডিফেন্ডার চলে আসায় ব্যাক হিলে গোলের চেষ্টা করেন তিনি। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৩ মিনিটে ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে গতি ও দক্ষতায় শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর নেয়া হামজার শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে জড়ায়। তাতে বিরতিতে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। ম্যাচের ৫৩ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে ব্যবধান ৩-০ করেন ফারহান আলী। বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান তিনি। পথে একে একে তিন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান ফারহান। ৮৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান আরও বাড়িয়ে দাপুটে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

১১ নভেম্বর, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ