সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

October 13, 2026 4:41 pm

ক্ষ্যাপ খেলে শাস্তির মুখে মোরছালিনরা!

জাতীয় দলের ফুটবলারদের ক্ষ্যাপ খেলার রীতিটা পুরোনো। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো একজন ফুটবলার এবড়োখেবড়ো মাঠে ক্ষেপ খেলতে গিয়ে ইনজুরির ঝুঁকিতে পড়ছেন। নিজেদের মান নিচের দিকে নিয়ে যান তারা। সম্প্রতি শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেনের মতো জাতীয় দলের তারকারা ক্ষ্যাপ খেলেছেন।

সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মে তাদের ক্ষ্যাপ খেলার ছবি ভাইরাল হয়ে যায়। তখনই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ক্ষ্যাপ খেলা খেলোয়াড়দের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের সঙ্গে বসে এই খেলার কারণ জানতে চাইবেন বলে গতকাল সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে জানান তিনি।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোলের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাবিথ। প্রথমার্ধে ছয় গোল হজম করলেও প্রতিপক্ষের জালে একবার বল পাঠিয়েছিল বাংলাদেশ। সবাই অবাক হয়েছে অতিরিক্ত ৭ মিনিটের সময় আরও দুই গোল হজম করাকে। ইন্দোনেশিয়া বিপর্যয়ের পর আলোচনায় আসে সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের নাইট ক্লাব কাণ্ডের ছবি। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়। এ দুই ফুটবলারের বিপক্ষে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাফুফে।

একই সঙ্গে ক্ষ্যাপ খেলা মোরছালিন-রাকিবকেও শাস্তির আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন তাবিথ, ‘আসিয়ান কাপে কিছু প্লেয়ারদের নামে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও ছবি ছড়িয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে আমি ফুটবলারদের সঙ্গে বসব। এর আগে টাঙ্গাইলে কয়েকজন ফুটবলার ক্ষ্যাপ খেলেছিল, আমরা সেটা নিয়েও অভিযুক্তদের সঙ্গে কথা বলব। তাদের সঙ্গে কাউন্সেলিংয়ের মতো ব্যক্তিগতভাবে বৈঠক করব।’

এদিকে ২৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্প। ৩১ অক্টোবর বা ১ নভেম্বর আনঅফিসিয়ালি কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়েছেন তাবিথ।

সমকাল
১৩ অক্টোবর ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ