সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 17, 2026 5:49 am

শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বাধ্যতামূলক খেলাধুলার উদ্যোগ নিয়েছে । রোববার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের আলোকে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়।

খেলার তালিকাভুক্ত ইভেন্টগুলো হলো- ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা। মাউশি মহাপরিচালক বলেন, এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

গত ৮ অক্টোবর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক সুনিপুণ বিকাশে খেলাধুলার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও যুবদের দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) ত্বরান্বিতকরণ, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) সুদৃঢ়করণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) সমুন্নত রাখতে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের দফা-২৫ এ বর্ণিত ক্রীড়াশিক্ষা ও খেলাধুলার প্রসার নিশ্চিতকরণ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) শর্তানুযায়ী মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ‘মাঠমুখী’ করা জরুরি। এর মাধ্যমে মানবসম্পদকে প্রকৃত দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি দৃঢ়বিশ্বাস ব্যক্ত করেন। এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী।

১৬ নভেম্বর, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - খেলাধুলা সংবাদ

আরও - জেলা সংবাদ