-
Facebook
-
Twitter
-
Linkedin
বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা, সামাজিক সূচক, জনমত এবং সামগ্রিক জীবনের অবদানের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তবে প্রকাশকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থ তার মতামত বা কর্মকাণ্ডকে সমর্থন করা নয়; বরং এটি মুসলিম বিশ্বে তার প্রভাবের একটি পরিমাপমাত্র।
বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকার ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ রাষ্ট্র ও সামরিক নেতা।
শীর্ষস্থানে থাকা এই পাঁচ নেতা হলেন—সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসলামবিষয়ক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের তথ্যমতে, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে তাদের যৌথভাবে এই শীর্ষ সম্মাননা দেওয়া হয়েছে। যৌথভাবে পাঁচজনকে প্রথম স্থানে রাখায় র্যাঙ্কিংয়ে ২য় ও ৩য় স্থান বাদ দিয়ে সরাসরি ৪র্থ স্থান থেকে পরবর্তী ক্রম সাজানো হয়েছে।
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি, যিনি ২০২৬ সালের মার্চে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পঞ্চম স্থানে আছেন জেরুজালেমের পবিত্র মুসলিম ও খ্রিস্টান স্থাপনাগুলোর জিম্মাদার এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন। ২০২৬ সালের সংস্করণে শীর্ষে থাকা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবারের তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।
তালিকার সপ্তম ও অষ্টম স্থানে রয়েছেন দুই প্রখ্যাত ইসলামি পণ্ডিত; সপ্তম স্থানে পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি এবং অষ্টম স্থানে ইয়েমেনের তারিমের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ। নবম স্থানে জায়গা করে নিয়েছেন সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ও আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব। আর শীর্ষ দশের তালিকায় ১০ম স্থানে রয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ।
শীর্ষ দশের বাইরেও বিশ্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও ব্যক্তিত্ব এই তালিকায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ১৬তম, নাহদলাতুল উলামার চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার ইসলামি পণ্ডিত হাবিব লুতফি বিন ইয়াহিয়া ৩১তম স্থানে রয়েছেন।
এবারের সংস্করণে গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের মিনাব শহরের স্কুলশিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানাও এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন।
১৪ নভেম্বর, ২০২৬