সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

October 11, 2026 5:17 pm

সৌদি আরবে বিমানবন্দরে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর বন্ধ রয়েছে বিমান চলাচল। এর প্রভাব পড়েছে ঢাকা–রিয়াদ রুটেও। রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা থেকে বাতিল হয়েছে পাঁচটি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের একটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া, সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪ ও এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। এ ছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটি বাতিল হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা ছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগে রাতের ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গতকাল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। ফ্লাইট দুটিতে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যেতে পরামর্শ দেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রিয়াদে বিমানবন্দরের পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়ত বাতিল করা হয়েছে।

ফ্লাইট বাতিল ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানের বিজি ৩৩৯ ও ৩৪০ ফ্লাইট স্থগিতের কথা রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। দুটি ফ্লাইটই ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের।

সময়ের আলো/মহু
১১ অক্টোবর, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ