-
Facebook
-
Twitter
-
Linkedin
বিলাসী পর্যটনে অতিষ্ঠ সুন্দরবন
বিশ্ব ঐতিহ্য ও প্রাকৃতিক রূপের অপার আধার সুন্দরবন। এটি শুধু বন নয়, বাংলাদেশকে কালে কালে নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে বুক চিতিয়ে রক্ষা করেছে রক্ষাকারী হিসেবে। কিন্তু আজ তার নিজস্ব শান্ত ও রূপসী পরিবেশ হারাতে বসেছে। একদিকে অনুমোদনহীন রিসোর্টের অপরিকল্পিত নির্মাণ, অন্যদিকে বিলাসবহুল নৌযানের উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের বিকট শব্দ-এ দুইয়ের চাপে কোণঠাসা হয়ে পড়েছে ম্যানগ্রোভ এই বনের প্রাণী ও বাস্তুসংস্থান। প্রকৃতির এই বুক চিরে পর্যটনের নামে চলা অনিয়ন্ত্রিত বিলাসের দাপট বন্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন; নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ ১৮টি রিসোর্ট বন্ধের। সুন্দরবন ঘিরে ছোট বড় মিলে ৫০টির বেশি রিসোর্ট আছে। বন সংরক্ষক দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সুন্দরবন ভ্রমণ করেন ২ লাখ ৭৩ হাজার ৬৪৩ জন পর্যটক। রাজস্ব অর্জিত হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ২৫৬ টাকা। পর্যটকদের যাতায়াত বাড়ার কারণে বর্তমানে শুধু খুলনা থেকেই সুন্দরবনে যাওয়ার জন্য ৮০টির বেশি পর্যটকবাহী নৌযান চলাচল করছে।
অনুসন্ধানে জানা গেছে, মানুষের অত্যাচারে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানরসহ অন্যান্য বন্যপ্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে আরও ভিতরের দিকে চলে যেতে বাধ্য হচ্ছে। বিলাসী নৌযান ও পর্যটকদের ফেলে আসা ওয়ানটাইম প্লাস্টিক, প্লেট, কাপ, চিপসের প্যাকেটসহ বর্জ্য শ্বাসমূল ঢেকে দিয়ে ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষতি করছে।
সেই সঙ্গে নিয়মনীতি না মেনে সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট বা ট্যুরিজম স্পট, বিনোদন কেন্দ্র তৈরির ফলে বনের স্বাভাবিক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে পড়ছে। তবে এরই মধ্যে পর্যটকবাহী নৌযানে সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানো ও ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ট্যুর পরিচালনার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ বনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সুন্দরবন বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ‘পরিবেশবান্ধব ট্যুরিজম আসলেই চ্যালেঞ্জিং। তার পরও সুন্দরবনসংলগ্ন অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
পরিবেশবিদরা জানান, বনের ভিতরে বড় একটি বোটের মধ্যে এসি চালাতে গেলে সেখানে অনেক বড় জেনারেটর চালাতে হয়। যেটি শব্দদূষণ করছে। এ বিলাসিতার বিষয়গুলো বনের ভিতরে নিয়ে এলে সেটি প্রকৃতি পর্যটন বা ইকো ট্যুরিজম থাকে না। এদিকে ‘পরিবেশবান্ধব ট্যুরিজম’ শব্দ দুটি খাতাকলমে আবদ্ধ বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল।
সামছুজ্জামান শাহীন, খুলনা
বাংলাদেশ প্রতিদিন
০৭ অক্টোবর ২০২৬
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান