-
Facebook
-
Twitter
-
Linkedin
প্রতিদিন কতটি ডিম খাবেন
পুষ্টিগুণে ভরপুর খাবারের তালিকায় ডিম অন্যতম। শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ভালো উৎস হওয়ায় অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখেন। তবে ডিম কীভাবে খাওয়া হচ্ছে এবং দিনে কতটি খাওয়া হচ্ছে, তার ওপর এর স্বাস্থ্য উপকারিতা অনেকটাই নির্ভর করে। কিছু ভুল অভ্যাসের কারণে উপকারের বদলে শরীরে তৈরি হতে পারে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে অতিরিক্ত ডিম খাওয়া কিংবা কাঁচা ও আধাসেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস থেকে হতে পারে নানা সমস্যা, এমনকি খাদ্যে বিষক্রিয়াও।
তাই ডিম খাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাইওয়ানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, ডিম খাওয়ার ক্ষেত্রে সাধারণ পাঁচটি ভুল এড়িয়ে চলা জরুরি।
১. প্রতিদিন অতিরিক্ত ডিম খাওয়া
ডিমে থাকা কোলেস্টেরলের প্রভাব সবার শরীরে এক রকম হয় না। ব্যক্তিভেদে কোলেস্টেরল বিপাকের পার্থক্য থাকায় প্রতিদিন কতটি ডিম খাওয়া উচিত, তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন তাইওয়ানের একটি ক্লিনিকের পরিচালক চিকিৎসক চিউ চেং-হুং।
তার মতে, গবেষণায় দেখা গেছে, টানা ৩০ দিন প্রতিদিন তিনটি করে ডিম খেলে শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া ২০২০ সালে প্রকাশিত ১৭টি বৈজ্ঞানিক গবেষণার একটি পর্যালোচনায় প্রতিদিন তিনটি ডিম খাওয়ার সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি বৃদ্ধির সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।
চিকিৎসক চিউয়ের পরামর্শ, যাদের রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা প্রতি ডেসিলিটারে ১৩০ মিলিগ্রাম বা তার বেশি, তাদের প্রতিদিন দুইটির বেশি ডিম না খাওয়াই ভালো। তবে যাদের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক, তারা বিশেষ দুশ্চিন্তা ছাড়াই দিনে তিন থেকে চারটি ডিম খেতে পারেন বলে তার মত।
এ ক্ষেত্রে শুধু সরাসরি খাওয়া ডিম নয়, কেক, পুডিং, এগ রোল কিংবা অন্যান্য খাবারে থাকা ডিমের পরিমাণও হিসাবের মধ্যে রাখতে হবে।
২. বাদামি ডিমকে বেশি পুষ্টিকর মনে করা
অনেকের ধারণা, সাদা ডিমের তুলনায় বাদামি ডিম বেশি প্রাকৃতিক ও পুষ্টিকর। তবে এই ধারণার পেছনে বৈজ্ঞানিক ভিত্তি নেই।
চিকিৎসক চিউ জানান, ডিমের খোসার রং মূলত মুরগির জাত ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। খোসার রং দিয়ে ডিমের পুষ্টিগুণ নির্ধারণ করা যায় না। কোনো কোনো বাজারে বাদামি ডিমের দাম বেশি হলেও এর অর্থ এই নয় যে, সাদা ডিমের তুলনায় এতে বেশি পুষ্টি রয়েছে।
অনেকে মনে করেন, কাঁচা ডিমে বেশি পুষ্টি পাওয়া যায়। আবার কেউ কেউ কুসুম আধাসেদ্ধ রেখে ডিম খেতে পছন্দ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভ্যাসে উপকারের চেয়ে ঝুঁকি বেশি হতে পারে।
গবেষণার তথ্য অনুযায়ী, পুরোপুরি রান্না করা ডিমের ৯০ শতাংশের বেশি প্রোটিন শরীর শোষণ করতে পারে। অন্যদিকে, কাঁচা ডিমের ক্ষেত্রে এই পরিমাণ প্রায় ৫০ শতাংশ।
এ ছাড়া কাঁচা ও আধাসেদ্ধ ডিমে সালমোনেলা নামের ব্যাকটেরিয়া থাকতে পারে। এটি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে।
৪. ডিম পুরোপুরি সিদ্ধ না করে খাওয়া
ডিমের কুসুম নরম বা তরল রেখে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু ডিম পুরোপুরি রান্না না হলে এতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে যাওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের মতে, ডিম ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খেলে সালমোনেলা সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তাই বিশেষ করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাঁচা কিংবা আধাসেদ্ধ ডিম এড়িয়ে চলা উচিত।
৫. ডিম রান্নার নিরাপদ পদ্ধতি উপেক্ষা করা
ডিমের স্বাদ বাড়াতে অনেকে অল্প সিদ্ধ বা কাঁচা অবস্থায় খেতে পছন্দ করেন। কিন্তু নিরাপদ খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ডিম ভালোভাবে রান্না করা গুরুত্বপূর্ণ।
চিকিৎসক চিউয়ের পরামর্শ, ডিম পুরোপুরি সিদ্ধ করে খাওয়াই তুলনামূলক নিরাপদ। যাদের কাছে পুরোপুরি সিদ্ধ ডিম স্বাদহীন মনে হয়, তারা স্বাদ বাড়াতে অল্প পরিমাণ সয়া সস কিংবা প্রাকৃতিক মসলা ব্যবহার করতে পারেন।
সব মিলিয়ে, ডিম সুষম খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ হলেও এর উপকারিতা পেতে হলে পরিমিত পরিমাণে এবং নিরাপদ উপায়ে খাওয়া জরুরি। ব্যক্তির শারীরিক অবস্থা ও কোলেস্টেরলের মাত্রা বিবেচনায় ডিমের পরিমাণ নির্ধারণ করাই সবচেয়ে ভালো।
যুগান্তর
১৯ নভেম্বর, ২০২৬
আরও - স্বাস্থ্য সংবাদ
ঘুমানোর আগে রিলস দেখেন? জানুন মস্তিষ্কের কতটা ক্ষতি করছেন
সারাদিনের ব্যস্ততা শেষে