সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

October 13, 2026 4:37 pm

সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় আধঘণ্টা সড়কের পাশে পড়েছিলেন তারা।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল ইসলাম ও ঝরনা বেগম দম্পতি। মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি প্রেমলাল দাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মহাসড়কে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সমকাল
১৩ অক্টোবর ২০২৬

আরও - জেলা সংবাদ