সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:03 am

বাংলাদেশি ৪ জেলেকে অস্ত্রের মুখে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ বাংলাদেশি চার জেলেকে অস্ত্রের মুখে জিন্মি করে আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অপহৃতরা হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান ৪ জেলে সহ তার মালিকানাধীন ট্রলার নিয়ে প্রতিদিনের মত নাফ নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোট যোগে আসা লোকজন অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের ট্রলারটিকে ঘিরে ফেলে। পরে জেলেরা সহ ট্রলারটি নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায়।

পরবর্তীতে ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্টগার্ড অবহিত হয়। পরে বিষয়টি কোস্টগার্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করি।

অপহৃতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি নাফ নদীতে কোস্টগার্ড নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান, কোস্টগার্ডের এ স্টেশন কমান্ডার।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জনপ্রতিনিধি সহ স্থানীয়দের কাছ থেকে শুনছি অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবি সহ সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন।


সময়ের আলো/১১ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - জেলা সংবাদ