সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:08 am

ওয়ানডে থেকে মুশফিকের অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলে যাবেন। এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

মুশফিক লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।’


তিনি আরও লিখেন, ‘বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’

মুশফিক এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি। মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদেকে বাদ দিয়ে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মুশফিক ও মাহমুদউল্লাহর বসার কথা ছিল। তারই অংশ হিসেবে আজ অবসরের ঘোষণা দিলেন মুশফিক।

জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। তিনি ২৭৪ ওয়ানডের ক্যারিয়ারে ৭৭৯৫ রান করেন। নয়টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেন ডানহাতি এই ব্যাটার।

আরও - খেলাধুলা সংবাদ