সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:46 am

৫ টাকার জন্য গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আজিজ মিয়া (৬০) বাড্ডা গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা।

জানা যায়, উপজেলার সলিমগঞ্জ বাজারে গত ৩ এপ্রিল সন্ধ্যায় ইসহাক মিয়ার দোকানে স্প্রিড কিনতে যান বাড্ডা গ্রামের এক যুবক। দোকানি ২৫ টাকার পণ্য ৩০ টাকা রাখেন। দাম বেশি রাখা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে বাড্ডা গ্রামের জজ মিয়ার ছেলেসহ তিনজন আহত হয়। এই খবর পেয়ে বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এই ঘটনার পর থেকে উভয় গ্রামের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এমনকি দুই গ্রামের লোকজন আলাদাভাবে মিটিং করে দেশীয় অস্ত্র নিয়ে ঝগড়ার প্রস্তুতি নেয়।

পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতায় সমঝোতার জন্য ১ মে বৃহস্পতিবার সভা ডাকা হয়। কিন্তু বাড্ডা গ্রামের লোকজন মঙ্গলবার দুপুরে বাড়াইল গ্রামের লোকদের ওপর শ্রীঘর বাজারে হামলা করে। এতে বড়াইলের তিনজন গুরুতর আহত হয়।

এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাড্ডা গ্রামের আজিজ মিয়া নিহত হয়। এই সময় উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। অনেক লোক আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

আরআর/নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সময়ের আলো/২৯ এপ্রিল, ২০২৫

আরও - জেলা সংবাদ