-
Facebook
-
Twitter
-
Linkedin
কৃষকের রক্তাক্ত লাশ ঝুলছিল গাছের ডালে, ভাঙা ছিল দু’পা
শেরপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দু’পা ছিল ভাঙা। আজ রোববার সকালে সদর উপজেলার মুন্সীরচর পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত ফজলুল হক (৪৫) সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামের মৃত সমেশ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফজলুল হক বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে কিছু দূরে একটি মেহগনি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা প্রথমে মনে করেছিলেন, তিনি ‘আত্মহত্যা’ করেছেন। কিন্তু পরে দেখতে পান তার দুই পা ভেঙে মাটিতে লেগে আছে। মরদেহে রক্তও দেখা যায়। তখন বিষয়টি সদর থানা-পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সমকাল/০৪ মে ২০২৫