-
Facebook
-
Twitter
-
Linkedin
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইপিএলে রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে টানা ছয় বলে ছয় ছক্কার ঘটনা এর আগেও দেখা গেছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজই প্রথম সেই ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই ওভারে খেলা টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে আইপিএলের রেকর্ডবুকে নিজের নাম লেখালেন এই মিডল-অর্ডার ব্যাটার।
রোববার (৪ মে) কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলের ৫৩তম ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন রিয়ান পরাগ। ১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর বাকি পাঁচটি বলে একের পর এক পাঁচটি ছক্কা মারেন তিনি। পরের ওভারে বল হাতে আসেন বরুণ চক্রবর্তী। সেই ওভারের প্রথম বলেও সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। ছয়ে ছয়ে চালিয়ে যাওয়া পরাগ নিজের খেলা প্রথম বলেই হাঁকান আরেকটি বিশাল ছক্কা—পূর্ণ হয় ইতিহাস।
আইপিএলের ইতিহাসে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কার কীর্তি এর আগে ছিল চারজনের—ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্র জাদেজা এবং রিংকু সিংয়ের। কিন্তু টানা ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন প্রথমবারের মতো রিয়ান পরাগ।
চারে নেমে ৪৫ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, মারেন ৮টি ছক্কা ও ৬টি চার। কিন্তু তার ঝড়ো ইনিংসও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস হেরে যায় মাত্র ১ রানে—ম্যাচের শেষ ওভারে জমে ওঠা নাটকীয়তায় হাসে কলকাতা নাইট রাইডার্স।
সময়ের আলো ডেস্ক/ ৫ মে, ২০২৫