সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:18 am

হাসপাতালের মর্গ থেকে মৃতের চোখ চুরির অভিযোগ 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এক মৃত ব্যক্তির চোখ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ মে) এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হাসপাতালের মর্গে নেই প্রয়োজনীয় ফ্রিজিং ব্যবস্থা। দীর্ঘদিন ধরে মরদেহ সংরক্ষণের অব্যবস্থা ও অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, মৃত মাসুম আলীর বাড়ি রংপুরের বুড়িরহাট এলাকায়। পারিবারিক বিরোধের জেরে সংঘটিত মারামারিতে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলা না করায় মরদেহটি মর্গে রাখা হয়। পরদিন মামলা দায়েরের পর মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি নিতে গিয়ে স্বজনরা দেখতে পান, মরদেহ থেকে দুটি চোখ অদৃশ্য।

নিহতের পরিবারের দাবি, গতকাল রাতে লাশ মর্গে রাখা হয়েছিল। আজ সকালে এসে দেখি লাশের চোখ নেই। আমরা চোখ ছাড়া লাশ নিতে পারি না।

হাসপাতাল পরিচালকের অবর্তমানে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ‘‘তিনি বলছেন, ‘মৃত মানুষের চোখ নিয়ে কী করবেন?’ আমরা চোখসহ মরদেহ চাই এবং এই অপরাধের সুষ্ঠু বিচার দাবি করছি।’’

এ ঘটনায় তদন্তের দাবি করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বুধবার বিকেলে সময়ের আলোকে বলেন, আমি ঢাকায় একটি জরুরি কাজে আছি রংপুরে গিয়ে তদন্ত করে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একটি সূত্র দাবি করে বলেছে, একটি অসৎ চক্র চোখ চুরি করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে।

সময়ের আলো/জেডআই
২৮ মে, ২০২৫

আরও - জেলা সংবাদ