-
Facebook
-
Twitter
-
Linkedin
শেষ ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, শুরুতেই চাপে শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনালে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল বাউন্ডারিতে। পরের বলে এসেছে তিন রান। তৃতীয় বলের পর আম্পায়ারকে তার ঘড়ি খুলতে বলেন কুশল মেন্ডিস, সেটির আলো প্রতিফলিত হয়ে লাগছিল লঙ্কান ব্যাটসম্যানের চোখে। পরের বলে দুর্দান্ত ফিল্ডিংয়েও চার ঠেকানো যায়নি।
ঘটনাবহুল ওভারের শেষ বলে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়ানো তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন ৪ বলে ৬ রান করা মেন্ডিস।
এরপরই মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে ফিরে প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন শেখ মেহেদি হাসান। প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন কুসাল পেরেরা।
অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে স্লিপে থাকা তানজিদ হাসানের হাতে ক্যাচ দেন কুসাল পেরেরা।
এর আগে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক পাথুম নিশাঙ্কা। এই টানা ৯ টি-টোয়েন্টিতে টসে হারলেন লিটন দাস। শ্রীলঙ্কা সিরিজের তিন ম্যাচের আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সিরিজের সব ম্যাচে টসে হেরেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।
সময়ের আলো/ ১৬ জুন, ২০২৫