-
Facebook
-
Twitter
-
Linkedin
স্টেডিয়ামে খাবার-পানীয় নিয়ে প্রবেশে বিসিবির নতুন সিদ্ধান্ত
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দর্শকদের জন্য বাইরের খাবার ও পানীয় স্টেডিয়ামে আনার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক ম্যাচ পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা।
বিসিবি আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়ামে বাইরের কোনো খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না। অর্থাৎ সিরিজের বাকি দুই ম্যাচে আগের নিয়মেই চলবে স্টেডিয়ামে প্রবেশ।
বোর্ডের সিদ্ধান্ত বদলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে।
পরিচ্ছন্নতার অভাব
প্রথম টি-টোয়েন্টিতে বড় সংখ্যক দর্শক খাবার ও পানীয় নিয়ে আসেন। এতে স্ট্যান্ড ও আশপাশের পরিবেশে অগোছালো অবস্থা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।
আর্থিক ক্ষতির শঙ্কা
বিসিবির অনুমোদিত অস্থায়ী খাবার বিক্রেতারা তাদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন। বাইরের খাবার আনার অনুমতিতে স্টেডিয়ামের ভেতরের বিক্রয়কেন্দ্রগুলোর বিক্রিতে প্রভাব পড়ে।
এ অবস্থায়, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে (আগামীকাল ও বৃহস্পতিবার) দর্শকদের শুধুমাত্র স্টেডিয়ামের ভেতরের নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকেই খাবার ও পানীয় সংগ্রহ করতে হবে।
সময়ের আলো/২১ জুলাই, ২০২৫