সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:41 am

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে শীত। বইছে হিমেল হাওয়া। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে ছড়ানো-ছিটানো ঘরবাড়ি, পথ-ঘাট ও ফসলি জমি। শিশিরে ভিজে আছে সবকিছু।

উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে জেলায় তাপমাত্রার পারদ ১২ ডিগ্রির ঘরে নেমেছে।

রোববার (২৩ নভেম্বর) ভোর ৬টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, রোববার ভোর ৬টায় তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকাল ৮টার পর থেকেই সূর্য আলো ছড়াচ্ছে। সূর্য আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজে। আকাশ পরিস্কার থাকায় মোহনীয় সৌন্দর্য নিয়ে দৃশ্যমান হয় পৃথিবীর তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পৌষ মাস না পড়তেই ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা অনুভূত হচ্ছে। দিন দিন তাপমাত্রা বাড়ছে। দিনের বেলায় বেশ গরম থাকলেও সন্ধ্যার পর আবার উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকলে শীত লাগতে শুরু করে। শীতের কাপড় বের করতে হয়েছে। রাত বাড়তে থাকলে শীতও বাড়তে থাকে হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় এখানে সবার আগে শীত নামে।

এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাপানিসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগীরা ভর্তি হচ্ছেন তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে।


সময়ের আলো/এআর
২৩ নভেম্বর, ২০২৫

আরও - জেলা সংবাদ