সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:07 am

ভারতকে রুখে দিল বাংলাদেশ

বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়ে এবারের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন হয়েছে। প্রথমবার সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে লাল-সবুজের দল ভারতের বিরুদ্ধে সমানতালে লড়াই করে জয়ের সমান এক ড্র তুলে নিয়েছে বাংলাদেশ। সাফ ফুটসালে নিজেদের প্রথম ম্যাচটি ৪-৪ গোলে ড্র করেছে লাল-সবুজরা।

কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে গেছে ভারত। খেলার পরতে পরতে ছিল রোমাঞ্চে ঠাসা। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (২০ মিনিট করে) গোল হয়েছে চারটি করে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কানাডা প্রবাসী অধিনায়ক রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে অবশ্য গোলের খাতাটা বাংলাদেশই খোলে। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী। প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির আগে ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে হয় (২-২)। দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে।

ইনতিসারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)। ম্যাচের শেষ মুহূর্তে আরও জমে ওঠে খেলা। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক (৪-৪)। শেষ বাশি বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার। সাফ ফুটসালে নিজেদের প্রথম ম্যাচটি ৪-৪ গোলে ড্র করে লাল-সবুজরা ফুরফুরে মেজাজে রয়েছে।

১৫ জানুয়ারি, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ