সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:16 am

থাইল্যান্ডকে হারিয়ে টানা পাঁচ জয় বাংলাদেশের

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ড থামে ১২৬ রানে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে পরাজিত করে টুর্নামেন্টে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাঘিনীরা।


প্রথম বলেই দিলারা আক্তার এবং দ্বিতীয় ওভারে শারমিন আক্তার সুপ্তার বিদায়ে দ্রুত দুই উইকেট হারায় দল। চাপের মুখে পড়ে গেলেও পরিস্থিতি সামাল দেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়ে ইনিংসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন এই দুই ব্যাটার। জুয়াইরিয়া ৪৫ বলে করেন ৫৬ রান, যেখানে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। অপরদিকে সোবহানা মোস্তারি খেলেন ৪২ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস, মারেন ৯টি চার ও একটি ছক্কা। ১৫.৩ ওভারে ১২২ রানে ভাঙে এই কার্যকর জুটি। শেষদিকে রিতু মনির দ্রুত ১৫ রানের ইনিংসে স্কোর আরও বাড়ে। ফলে বাংলাদেশ পৌঁছে যায় ১৬৫ রানের লড়াকু সংগ্রহে।

থাইল্যান্ডের বোলারদের মধ্যে থিপাচা পুত্থাওং ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে নেন ৩ উইকেট। ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফুও দুটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে পড়ে। নাত্থাকান চান্থাম সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি হলেও বাড়তি চাপ সামলাতে পারেনি তারা। শেষ পর্যন্ত থাইল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে। ফলে সুপার সিক্স পর্বে টানা তৃতীয় এবং পুরো টুর্নামেন্টে পঞ্চম জয় নিশ্চিত করে বাংলাদেশ।


২৮ জানুয়ারি, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ