সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 3:10 pm

এশিয়ান ফুটবলে নিজেদের মান বাড়াতে চান সামিত সোম

ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করার কথা ছিল জামাল-সামিতদের। তবে সন্ধ্যার পরপরই হঠাৎ ঝুম বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতের কারণে অনুশীলন বাতিল করা হয়েছে। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিডফিল্ডার সামিত সোম। জানান, এশিয়ান ফুটবলে নিজেদের দাপট ও সম্মান বাড়াতে চান তিনি।

২৬ তারিখ ঘরের মাঠে ভিয়েতনামের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের নিজেদের শেষ ম্যাচ খেলবে জামাল, হামজা, সামিতরা।

গতকাল বড় দুই প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সামিত সোম বলেন, ‘আমরা অনুশীলন করছি, গেল বছরের চেয়ে আরও ভালো করতে। সে সঙ্গে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছি, কোচ বলেছে আমরা জিতেছে। এখনো আমাদের অনেক কিছু আছে, যা আমরা উন্নতি করতে পারি। বিষয়গুলোর ওপরে আমাদের ফোকাস আছে। ঐ খেলার (ভারত ম্যাচ) চেয়ে আমি কীভাবে আরও উন্নতি করতে পারব। আর সেই বিষয়গুলো কীভাবে প্রয়োগ করতে পারি ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের সঙ্গে।’

এছাড়া, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে সামিত জানান, ম্যাচ বাই ম্যাচ উন্নতি করতে চান তারা। এছাড়া, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে আলাদা করে তিনি বলেন, ‘আমরা ভিয়েতনামের বিপক্ষে একটা ম্যাচ পাচ্ছি। বাফুফে ভালো একটা কাজ করেছে। ভিয়েতনাম আমাদের জন্য ভালো প্রতিপক্ষ, আমাদের ভালো পরীক্ষা হবে। ভিয়েতনামকে হারাতে পারলে আমরা এশিয়ান ফুটবলে ভালো সম্মান পাব। সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের একই লক্ষ্য থাকবে। ইতিমধ্যে মানুষ মানুষ জানে আমরা (বাংলাদেশ ফুটবল) উন্নতি করছি। তাদের হারাতে পারলে আরও বেশি সম্মান পাব।’

ইত্তেফাক
১৯ মার্চ, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ