সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

April 30, 2026 2:35 pm

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা রূপ নেয় ভারী বর্ষণে। নির্ধারিত সময়ে দুই দল মাঠে এলেও আবহাওয়া অনুকূলে না থাকায় ড্রেসিং রুমেই থাকতে হয় ক্রিকেটারদের। শেষ পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হওয়ায় আম্পায়াররা দুই অধিনায়ককে ডেকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

নিয়ম অনুযায়ী বিকাল ৪টা ৫০ মিনিট পর্যন্ত খেলা শুরুর সুযোগ থাকলেও, বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না থাকায় বিকাল ৪টা ১৫ মিনিটেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ফলে একটি বলও মাঠে গড়ায়নি। যে ম্যাচ ঘিরে ছিল দারুণ উত্তেজনা, সেটি শেষ পর্যন্ত আর মাঠেই গড়াল না। চট্টগ্রামে টানা বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েই থাকল বাংলাদেশ। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ম্যাচে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী শনিবার। সেখানে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ, আর সমতায় ফেরার লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড।

বৃষ্টির মধ্যেও গ্যালারিতে ছিলেন দর্শকরা। কেউ ছাতা মাথায়, কেউবা ভিজেই অপেক্ষা করেছেন খেলা শুরুর আশায়। কিন্তু তাদের সেই অপেক্ষা আর পূরণ হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হতাশ করেনি ম্যাচ দেখতে আসা দর্শকদের। বিসিবি জানিয়েছে, অনলাইনে কেনা টিকেটের অর্থ ফেরত দেওয়া হবে।

এর আগের দিনও চট্টগ্রামে বৃষ্টির প্রভাব ছিল স্পষ্ট। শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। নিউজিল্যান্ড তাদের ঐচ্ছিক অনুশীলন ইনডোরে সেরে নেয়, আর বাংলাদেশ দল বিশ্রামেই ছিল।

একই ভেনু্যুতে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ২৭ বলে অপরাজিত ৫১, পারভেজ হোসেন ইমনের ১৪ বলে ২৮ এবং শামীম হোসেন পাটোয়ারীর ১৩ বলে ৩১ রানের ইনিংসে ১৮২ রানের লক্ষ্য টপকে ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা।


৩০ এপ্রিল, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ