সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 8, 2026 2:37 pm

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প

সোমবার (৮ জুন) সকালে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানার পরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় মিন্দানাও ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও উঁচু এলাকায় আশ্রয় নিতে শুরু করেন। স্থানীয় প্রশাসন সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রস্তুতি জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সুনামির ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় জনগণকে সমুদ্রতীর ও নদীর মোহনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো জরুরি বার্তায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় নষ্ট না করে সবাইকে দ্রুত উঁচু স্থানে চলে যেতে হবে। তিনি জানান, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভূমিকম্প-পরবর্তী প্রভাব অনুভূত হচ্ছে।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও জনগণকে সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন যদি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তা মেনে চলতে হবে।


৮ জুন, ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ