সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 15, 2026 5:34 pm

৭ গোলের তাণ্ডবে জার্মানির বিশ্বরেকর্ড

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৭-১ ব্যবধানের সেই ঐতিহাসিক জয় দিয়েই বিশ্বকে কাঁপিয়েছিল জার্মানি। এবার একই স্কোরলাইন আবারও তাদের নামের পাশে যুক্ত হয়ে এনে দিল নতুন মাইলফলক-বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

নতুন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত জার্মানির গোল সংখ্যা ২৩৯, যা ব্রাজিলের ২৩৮ গোলকে ছাড়িয়ে গেছে। এই এক গোলের ব্যবধানেই ইতিহাসের শীর্ষে উঠে এসেছে ইউরোপের এই দলটি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তাদের গোল সংখ্যা ১৫২। চতুর্থ ফ্রান্স (১৩৬) এবং পঞ্চম ইতালি (১২৮)। কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে জার্মানির আক্রমণভাগ ছিল পুরোপুরি দাপুটে। কাই হাভার্টজ করেন দুটি গোল, যার দ্বিতীয় গোলটি জার্মানিকে রেকর্ড গড়ার মঞ্চ তৈরি করে দেয়।

প্রথমার্ধেই কুরাসাও ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরলেও পরবর্তীতে জার্মানির আক্রমণের সামনে আর টিকতে পারেনি।

বিশ্বকাপে একমাত্র দল হিসেবে জার্মানি চারবার সাত বা তার বেশি গোলের ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১৪ সালের ব্রাজিল বিপর্যয়।

বর্তমান কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে জার্মানি নতুন করে নিজেদের গড়ে তুলছে। তরুণ এই কোচের নেতৃত্বে দলটি এবারের বিশ্বকাপে আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলছে।

২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার তারা ফিরেছে শক্তিশালী রূপে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা কুরাসাও শুরুতে লড়াইয়ের আভাস দিলেও জার্মানির গতি ও অভিজ্ঞতার সামনে শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে পড়ে।

১৫ জুন, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ