সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 8, 2026 5:10 pm

পটুয়াখালীতে আট কেজির কালো দাতিনা

পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলের জালে আট কেজি ওজনের একটি বিরল কালো দাতিনা (Goldsilk Seabream) মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাছটি আলীপুর বন্দরের মেসার্স সাগর ফিশে আনা হলে খোলা বাজারে উন্মুক্ত ডাকে ৪০ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি ৫ হাজার টাকা দরে ৮ কেজি ওজনের মাছটি কিনে নেন ‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি. এম. মুসা। মাছটি রফতানির জন্য প্রস্তুত করা হবে বলে তিনি জানান। এর আগে গত বুধবার সাড়ে চার কেজি ওজনের একটি কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছিলেন তিনি।

মাছটির বৈজ্ঞানিক নাম Acanthopagrus berda। এই ধরনের মাছ সুন্দরবন অঞ্চল ও উপকূলীয় লোনা বা আধা-লোনা পানিতে বসবাস করে। কালো দাতিনা, সাদা দাতিনা, জাতি দাতিনা, রাজা দাতিনা এবং জেলেদের কাছে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। সর্বোচ্চ ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হওয়ার রেকর্ড থাকলেও জেলেরা সাধারণত ৩৫ সেন্টিমিটারের কাছাকাছি আকারের মাছ বেশি পেয়ে থাকেন। ছোট কাঁকড়া, চিংড়ি, ছোট মাছ, শামুক, ঝিনুক এবং পানির তলদেশের সামুদ্রিক কৃমি। শক্ত চোয়ালের সাহায্যে এরা সহজে শক্ত খোলসযুক্ত খাবার চিবিয়ে খেতে পারে।

আন্তর্জাতিক বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে মাছটির বায়ুথলি বা এয়ার ব্লাডার চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হওয়ায় এর দাম অনেক বেশি হয়ে থাকে। এই প্রজাতির মাছ সচরাচর জালে ধরা পড়ে না বিধায় খবর ছড়িয়ে পড়লে আড়তে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিক জানান, ছোট ইলিশের পাশাপাশি এই মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তারা অত্যন্ত খুশি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, উপকূলীয় অঞ্চলে পাওয়া এসব মাছ সাধারণত ইউরোপসহ বিভিন্ন দেশে রফতানি করা হয়।

সময়ের আলো/জোই
৮ সেপ্টেম্বর, ২০২৬

আরও - জেলা সংবাদ