সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 10:02 pm

আন্তর্জাতিক বাজারে ফের রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণ দুই হাজার ৯৫০ ডলারের ওপরে লেনদেন হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে স্বর্ণের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্বর্ণের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম হয়েছিল দুই হাজার ৯৫৪ দশমিক ৬৯ ডলার। এ নিয়ে চলতি বছরে নবম বারের মতো স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাল।

একই দিনে মার্কিন স্বর্ণের দাম আউন্সপ্রতি এক দশমিক এক শতাংশ বেড়ে দুই হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

চলতি বছরে বিশ্ব বাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ বেড়েছে।

বুধবার ডোনাল্ড ট্রাম্প অটো আমদানির ওপর প্রায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান বলে জানিয়েছেন। তাছাড়া ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টরেও একই ধরনের শুল্ক আরোপ করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

ক্ষমতাগ্রহণের আগে থেকেই বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কারোপের কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে আসার পর যা তিনি কর্যকর করা শুরু করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, ২ এপ্রিল থেকে অটোমোবাইলের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। বাণিজ্য ব্যবস্থা ঢেলে সাজাতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ