সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 9:52 pm

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় লেখেন, ‘সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

পরিবারের অবদান তুলে ধরে মাহমুদউল্লাহ বলেন, ‘একটা বড় ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে।’

‘সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সুখে-দুঃখে আমার শক্তি হয়ে যারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।’

অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।’

তিনি তার জাতীয় দল ও দেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা।’

আরও - খেলাধুলা সংবাদ