-
Facebook
-
Twitter
-
Linkedin
সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে আজ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। যুব সাফে শিরোপা জয়ের লক্ষ্য অভিন্ন নিয়েই খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। এবার শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা এ টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে। এখন তারা অনেকটাই আত্মবিশ্বাসী এবং ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত তারা।’
ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি রাঙানোর অপেক্ষায় নাজমুল হুদা ফয়সাল। বাংলাদেশ যুব দলের এই অধিনায়ক বলেন, ‘ফাইনাল ম্যাচে সব সময় রোমাঞ্চ কাজ করে। ফাইনাল একটা টুর্নামেন্টের শেষ ম্যাচ। তো এখানে চাইবে দুটি টিমই জিততে এবং ভালো করতে, ট্রফিটা দেশে নিয়ে যেতে। আমরা এখানে এসেছি, আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। ইনশাআল্লাহ, আমরা আমাদের লক্ষ্য পূরণ করেই দেশে ফিরব।’ আগে থেকেই অনুমানে ছিল, টুর্নামেন্টে বড় বাধা হতে পারে ভারতই। প্রতিপক্ষ ভারত বলেই ম্যাচটি অন্যরকম মনে হচ্ছে ফয়সালের। তিনি বলেন, ‘আমরা প্রথম ম্যাচ খেলে সেমিফাইনাল পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম। ভালো কিছু করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। যেহেতু ফাইনালে ভারত, বিষয়টা অন্য রকম। ভালো টিম ভারত। আমরা সব সময় সম্মান করি। তবে আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। আমাদের দিক থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করব।’ এদিকে ভারতও ফাইনালে ছাড় দেবে না। তারা ট্রফি ঘরে রাখতে চাইবে।
১৮ মে ২০২৫