সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:02 am

ইসরায়েলি বর্বর হামলায় নিহত ৭৬

দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৭৬ জন বেসামরিক ফিলিস্তিনির নিহত হয়েছেন, যার মধ্যে ৫০ জনই উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। এ ছাড়া এদিন ১৮৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শনিবার (২৩ মে) সকালে এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতি থেকে জানা যায়, শুধু শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। এখনো বহু লাশ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে এবং ইসরায়েলি হামলায় গাজায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের দেওয়া আরেক বিবৃতিতে আরও জানিয়েছিল, গত কয়েক দিনে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে ‘না খেয়ে থাকার কারণে’ প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজার লাখো মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

ইসরায়েলি বাহিনী গত রোববার (১৮ মে) গাজায় নতুন করে বড় আকারে স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়ে নির্বিচারে ব্যাপক হামলা শুরু করে।

গাজার মিডিয়া অফিস আরেক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টার হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৮২২ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা প্রায় ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ১০ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও - আন্তর্জাতিক সংবাদ