সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:37 am

কেন টেকঅফের পরেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট?

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে আছড়ে পড়ে।

বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটের আমেদাবাদ বিমানবন্দর থেকে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এর পর থেকেই প্রশ্ন উঠছে, কী কারণে এতগুলো মানুষের জীবন সঙ্কটে পড়ল? দুর্ঘটনার কারণই বা কী?

এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কারণ সামনে আসেনি। তবে সম্ভাব্য দুটি বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, একাধিক পাখির ধাক্কায় টেকঅফের পরে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে পারেনি ফ্লাইটটি। স্বাভাবিকভাবেই ঘটে দুর্ঘটনা। দ্বিতীয়ত, যান্ত্রিক ত্রুটি।


এদিন দুপুর ১টা ১৭ মিনিটে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইটটি যাত্রা শুরু করে। কিন্তু রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির। টেকঅফের কয়েক মিনিটের মধ্যেই তা নীচে নেমে আসতে শুরু করে এবং জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে। জানা গেছে, ফ্লাইটটি রানওয়ে ছাড়ার পর পরেই এটিসিকে ‘মে ডে কল’ বা বিপদসংকেত পাঠিয়েছিল। কী ঘটেছিল আকাশে? উঠেছে নানান প্রশ্ন।

যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা?

এক সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’ জানিয়েছে, সম্প্রতি বিমানটির সংস্কারের কাজ হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পরে জানা যাচ্ছে, ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ছিল (ইঞ্জিনিয়ারিং ফল্ট)। যদিও এ নিয়ে সরকার বা ফ্লাইট সংস্থার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাখির ধাক্কাতেই বিপত্তি?

উড়ানের সময়ে আকাশে পাখিদের ধাক্কায় বিপত্তি থেকে যে গুরুতর বিপদ ঘটতে পারে, এই শঙ্কার কথা অতীতে একাধিকবার বলেছিলেন বিশেষজ্ঞরা। আমেদাবাদের দুর্ঘটনার নেপথ্যেও কি রয়েছে পাখিদের দল?

সাবেক সিনিয়র পাইলট সৌরভ ভাটনাগর সংবাদ মাধ্যমে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল। ফ্লাইটটি ঠিক ভাবেই টেকঅফ করেছিল। কিন্তু পাখিদের সঙ্গে ধাক্কায় তা নীচে আসতে শুরু করে। তবে তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে।’

একই কথা বলেছে বিমান বিশেষজ্ঞ সঞ্জয় লাজার। তিনি বলেন, ‘হয়তো ফ্লাইটটির ওড়ার ক্ষমতা ছিল না। যদি একাধিক পাখি ফ্লাইটটিতে ধাক্কা দেয় সে ক্ষেত্রে হতে পারে তা ৬ থেকে ৭ মিনিটের বেশি উড়তে পারেনি এবং পড়ে যায়। এই বিমানটি অপেক্ষাকৃত নতুন। মাত্র ১১ বছরের। তাই যান্ত্রিক সমস্যা থাকার সম্ভাবনা কম।’

সবমিলিয়ে প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তেই প্রকৃত কারণ সামনে আসবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্র: এই সময়।


সময়ের আলো ডেস্ক//১২ জুন, ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ