সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:58 am

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো

ইরান ও ইসরায়েল মুখোমুখি অবস্থানে রয়েছে টানা সপ্তম দিনের মতো। ১৩ জুন শুক্রবার ইরানের একটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় আচমকা ইসরায়েলের বিমান হামলা দিয়ে যে সংঘাতের সূত্রপাত, তা এখন রূপ নিয়েছে এক বিস্তৃত আঞ্চলিক উত্তেজনায়। শুধু মধ্যপ্রাচ্য নয়, আশঙ্কা তৈরি হয়েছে এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে পড়তে পারে।

সংঘাত ক্রমেই যেভাবে বিস্তার লাভ করছে, তা দেখে উদ্বিগ্ন হয়ে গতকাল শুক্রবার জরুরি বৈঠকেও বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকের আয়োজক ৪ দেশ চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া। তারা এক কণ্ঠে এই হামলাকে অবৈধ, বিপজ্জনক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করে।

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের সব মানদণ্ড লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। গোটা অঞ্চলের স্থিতিশীলতা এখন বিপন্ন।

রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সরাসরি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাও এখন লক্ষ্যবস্তু। এটা এক ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না, এটা একটি বিপজ্জনক নজির।

এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, শুধু বর্তমান পরিস্থিতিই নয়, ভবিষ্যতের দিকেও গভীর শঙ্কা নিয়ে তাকিয়ে আছে বিশ্ব। পারমাণবিক স্থাপনায় হামলা একবার বৈধতা পেলে, তা বিশ্ব রাজনীতিতে নতুন এক অস্থিতিশীল অধ্যায়ের সূচনা ঘটাতে পারে।

এই পরিস্থিতিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে সরব হয়েছে আরব লীগ। তারা ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের আক্রমণ জাতিসংঘের সদস্য একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এটা পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই উত্তেজনা যেন আরও না বাড়ে, তা নিশ্চিত করতে হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সম্মিলিত উদ্যোগ নিতে হবে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।

জরুরি এই বৈঠক বসে তুরস্কের ইস্তাম্বুলে। সেই শহরেই ২১-২২ জুন অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠকে হয়তো আরও কৌশলগত ও যৌথ অবস্থান গ্রহণ করতে পারে মুসলিম বিশ্ব।

২১ জুন ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ