সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:21 am

ট্রেনে কাটা পড়লেন স্কুল শিক্ষিকা

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামিমা আক্তার আঙ্গুরী (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের শারসাকান্দি-বালিয়াচরায় ঢাকা থেকে বেনাপোলগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

শামিমা আক্তার উপজেলার শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একই গ্রামের সাত্তার শিকদারের মেয়ে ও ভাঙ্গা পোস্ট অফিসের কর্মচারী আশরাফ শেখের স্ত্রী তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষক সমিতি ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. সামচুল হক মাতুব্বর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন শামিমা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তবে একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন যাবৎ স্বামী আশরাফ শেখের সঙ্গে বিভিন্ন বিষয় কলহ চলছিল তার। একপর্যায়ে আজ রেলের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে ওই শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, শুক্রবার (১১ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেসে কাটা পরে শামিমা আক্তার নামক এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি শারসাকান্দি গ্রামের আশরাফ শেখের স্ত্রী।

ভাঙ্গা রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শাফুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রেনে কাটা অবস্থায় লাশটি উদ্ধার করি। লাশটি স্কুল শিক্ষিকা শামিমা আক্তারের বলে সনাক্ত করেন এলাকাবাসী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/১১ জুলাই, ২০২৫

আরও - জেলা সংবাদ