-
Facebook
-
Twitter
-
Linkedin
এমবাপে পরবেন রিয়ালের ১০ নম্বর জার্সি
কিলিয়ান এমবাপে আগে থেকেই ফ্রান্স জাতীয় দলের ১০ নম্বর জার্সিটা পরেই খেলতেন। রিয়ালে আসার পর থেকেও সেই পরিকল্পনা ছিল তার। অবশ্য সেক্ষেত্রে ওই নম্বর উন্মুক্ত থাকা সাপেক্ষেই এমনটা করতে পারতেন। লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে যাওয়ার পর বাকি শুধু ছিল আনুষ্ঠানিকতার। অবশেষে মাদ্রিদের অভিজাতরা জানিয়ে দিয়েছে, ক্লাবের ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সিটি এখন থেকে ফরাসি তারকার।
লুকা মদ্রিচর বিদায়ের পর থেকেই গুঞ্জন চলছিল, কে হবেন রিয়াল মাদ্রিদের নতুন ‘নাম্বার টেন’? অবশেষে সেই উত্তর মিলেছে। কিংবদন্তিদের জার্সি এবার উঠেছে কিলিয়ান এমবাপের গায়ে। মঙ্গলবার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
একটি ছবিতে দেখা যায়, ক্লাবের ড্রেসিংরুমে ঝুলছে সাদা রঙের ১০ নম্বর জার্সি, যার পেছনে লেখা, ‘এমবাপে’। এরপর এমবাপে নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই জার্সি গায়ে তোলা একটি ছবি। সাবেক নাম্বার টেন মদ্রিচ সেখানে আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
মোনাকো ও ফ্রান্স জাতীয় দলের হয়ে আগে থেকেই ১০ নম্বর পরে খেলতেন এমবাপে। তবে পিএসজিতে তার পছন্দের নম্বরটি না পেয়ে পরেছিলেন ৭ নম্বর। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে তিনি মাঠে নামেন ৯ নম্বর জার্সি পরে। এবার লস ব্লাঙ্কোসদের হয়ে নতুন মৌসুম শুরু করবেন ১০ নম্বর গায়ে।
রিয়ালের ১০ নম্বর জার্সির রয়েছে সমৃদ্ধ ইতিহাস। রেমন্ড কোপা, ফেরেঙ্ক পুসকাস, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ, মেসুত ওজিলের মতো কিংবদন্তিরা এই জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। আর সেই তালিকায় এবার যুক্ত হল কিলিয়ান এমবাপের নামটি।
যাযাদি/ ৩০ জুলাই ২০২৫