-
Facebook
-
Twitter
-
Linkedin
রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব প্রতিনিয়ত আরও গভীর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানান, ২০২১ সালের পর থেকে রাশিয়া-চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১০০ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে চীন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার, আর রাশিয়া চীনের পঞ্চম বৃহত্তম অংশীদার। লেনদেনের ক্ষেত্রেও ডলার ও ইউরোর পরিবর্তে দুই দেশের নিজস্ব মুদ্রার ব্যবহার প্রায় পুরোপুরি চালু হয়েছে।
পুতিন আরও জানান, রাশিয়া এখনও চীনের শীর্ষ জ্বালানি সরবরাহকারী। ২০১৯ সালে চালু হওয়া ‘পাওয়ার অব সাইবেরিয়া’ পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যেই ১০০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়েছে। ২০২৭ সালে নতুন পাইপলাইন চালু হলে এ সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থনীতির পাশাপাশি কৌশলগত সম্পর্ক নিয়েও আশাবাদী রুশ প্রেসিডেন্ট। জাতিসংঘ, ব্রিকস এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, এ সহযোগিতা বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠছে।
প্রসঙ্গত, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রবিবার চার দিনের সফরে দেশটিতে যাচ্ছেন পুতিন। এ সময়ে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন।
সময়ের আলো/৩১ আগস্ট ২০২৫