-
Facebook
-
Twitter
-
Linkedin
গাজা থেকে এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) গাজার উত্তরাঞ্চল থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। এর জবাবে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়, উত্তর গাজা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। অন্য ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের একটি খোলা ও জনবসতিহীন এলাকায় পড়েছে।
হামলার আগে ইসরায়েলের লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন পর্যন্ত গাজার কোনো গোষ্ঠী এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরদার করেছে। এর আগে শনিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজাজুড়ে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন, যাদের অধিকাংশই ছিলেন গাজা শহরের বাসিন্দা।
এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার ভোরের দিকে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে।
২১ সেপ্টেম্বর ২০২৫