সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:54 am

বরফে ঢেকে গেছে ব্রিটেনের রাস্তা

বরফে ঢেকে গেছে ব্রিটেনের রাস্তা। টানা ভয়াবহ তুষারপাত ও শীতঝড়ের কারণে যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। রেড ও অ্যাম্বার সতর্কতার মধ্যেই তুষারঝড় অব্যাহত রয়েছে। একইসঙ্গে ভারী তুষারপাতের ফলে সড়ক, রেলপথ ও আকাশপথে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।

শক্তিশালী ঝড়ে মিডল্যান্ডস, ওয়েলস, উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় সড়কে ১০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। এর পাশাপাশি উঁচু ও পাহাড়ি এলাকায় কোথাও কোথাও বরফের স্তর ৩০ সেন্টিমিটার ছাড়িয়েছে। এছাড়াও শহরাঞ্চলের প্রধান সড়ক ও আবাসিক এলাকায় পুরু বরফ জমেছে। ফলে বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছে না। এ অঞ্চলগুলোতে নিজ নিজ বাড়ির সামনে বহু মানুষকে কোদাল ও ঝাঁটা দিয়ে বরফ সরাতে দেখা গেছে।

সীমিত আকারে ট্রেন চললেও অধিকাংশ রুটে দীর্ঘ বিলম্ব ও বাতিলের খবর পাওয়া গেছে। বরফ ও ঝড়ের প্রভাবে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমনকি বাস চলাচল অনেক এলাকায় সম্পূর্ণ বন্ধ রয়েছে।

দুর্যোগের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক স্কুল অভিভাবকদের টেক্সট মেসেজ ও ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

এদিকে বার্মিংহাম বিমানবন্দর ভারী তুষারপাতের কারণে রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখায় একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। লন্ডন লুটন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে। প্রচণ্ড বাতাস ও বরফের চাপে গাছ উপড়ে পড়েছে বিভিন্ন এলাকায়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এছাড়া জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সিটি কাউন্সিল বরফ অপসারণ ও গ্রিটিং কার্যক্রম জোরদার করেছে।

বার্মিংহাম সিটি কাউন্সিল, ম্যানচেস্টার সিটি কাউন্সিলসহ একাধিক স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর গ্রিটিং লরি ও স্নো-প্লাউ মোতায়েন করে প্রধান সড়ক, হাসপাতালগামী রুট ও জরুরি পরিষেবার পথ পরিষ্কার রাখার চেষ্টা চলছে। পাশাপাশি প্রবীণ, প্রতিবন্ধী ও একা বসবাসকারী ব্যক্তিদের সহায়তায় স্বেচ্ছাসেবক দল মাঠে কাজ করছে।

কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, অগ্রাধিকারের ভিত্তিতে প্রধান সড়ক ও জরুরি রুট পরিষ্কার করা হচ্ছে। আবাসিক সড়ক ও বাড়ির সামনে জমে থাকা বরফ অপসারণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। জানানো হয়েছে, একটানা তুষারপাতের কারণে পরিষ্কার করা রাস্তায় পুনরায় বরফ জমে যাচ্ছে।


৯ জানুয়ারি, ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ