সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

July 30, 2026 1:38 pm

ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

আইআরআইবির খবরে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন বাহিনী আবাদানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও দ্বীপে হামলার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশম ও কিশসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে তাদের প্রতিরোধও চলবে। একই সঙ্গে তারা ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে ‘হুমকিমূলক ভাষা’ ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালির দিকে অনুমোদনহীন পথে অগ্রসর হওয়া তিনটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

এ ছাড়া ইরানের দাবি, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় আইআরজিসির অন্তত চার সদস্য নিহত হয়েছেন।

হরমোজগান প্রদেশের বন্দর নগরী বন্দর আব্বাসে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই ধরনের বিস্ফোরণের শব্দ আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। তবে হরমোজগান প্রদেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

৩০ জুলাই, ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ