সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 9, 2026 1:17 pm

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন, আল আমিন (৩২) এবং তার স্ত্রী রিনা আক্তার (৩০)। নিহত রিনা আক্তারের পৈতৃক বাড়ি শ্রীপুরের বর্মি ইউনিয়নের সিদ্দিক মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি রেললাইনে একটি যুবক ও যুবতীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নিহত রিনা আক্তারের স্বজনরা জানান, প্রায় চার বছর আগে ভালোবেসে একে অপরকে দ্বিতীয় বিয়ে করেছিলেন আল আমিন ও রিনা। কিন্তু তাদের পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সংসার করছিলেন।

সম্প্রতি এই দম্পতি অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে পরিবার। জুয়ার আসক্তির কারণে তাদের সংসারে প্রায়ই আর্থিক সংকট ও মনোমালিন্য লেগেই থাকত। এই পারিবারিক অশান্তি জের ধরেই তারা স্বেচ্ছায় রেললাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/জেডি
৯ আগস্ট, ২০২৬

আরও - জেলা সংবাদ