সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 12, 2026 1:43 pm

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

মঙ্গলবার (১১ আগস্ট) মিসরের সংবাদমাধ্যম আল-আহরামের খবরে বলা হয়েছে, ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস এলাকার একটি সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। মিশরে কৃষিশ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগই শিশু।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা ৪৭। এর মধ্যে প্রায় ৩০ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী এল-কাসাসিন শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপিকে ওই হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের বেশির ভাগই ১৩ ও ১৪ বছর বয়সি শিশু।

সূত্রটি আরও জানায়, নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স ছিল মাত্র ১০ বছর।

স্থানীয় একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হতাহত শ্রমিকদের বেশির ভাগই শারকিয়া প্রদেশের দুটি গ্রামের বাসিন্দা। তারা ইসমাইলিয়ার একটি খামারে কাজ করতেন।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এদিকে দেশটির সামাজিক সংহতি মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবার এবং আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

মিশরে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য পিকআপ ট্রাকের ব্যবহার খুবই সাধারণ একটি চিত্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে অন্তত ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমে নিযুক্ত রয়েছে।

মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্যমতে, দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের হার ১০ শতাংশেরও বেশি বেড়েছে। এসব দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৫ বছরের কম বয়সি শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি।

সূত্র: আলজাজিরা

আরও - আন্তর্জাতিক সংবাদ