সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 24, 2026 9:25 pm

বরিশালের মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবি

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্থানীয় ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না ছাড়ায় অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না করা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।

ঘটনার সূত্রপাত সম্পর্কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে প্রথমে বানারীপাড়ায় বাস আটকে দেন মাহিন্দ্রা শ্রমিকরা। এর প্রতিবাদে নথুল্লাবাদ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক সমিতির নেতারা।’

টিকিট কাউন্টার কর্মী রেজা জানান, বানারীপাড়ার শিমুলতলা এলাকায় মাহিন্দ্রা শ্রমিকরা পিরোজপুরগামী ৩টি বাস আটকে দেন। এর প্রতিবাদে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছেন বাস মালিক ও শ্রমিকরা।

বাসের হেলপার জসিম বলেন, ‘বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত মহাসড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে বরিশাল ও বানারীপাড়ার মধ্যবর্তী এলাকায় নিয়মিত নজরদারি ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হলে, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’

এদিকে বাস মালিক সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, ‘আমরা বৈধ কাগজপত্র নিয়ে মহাসড়কে বাস চালাই। তারা অবৈধ হয়েও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। এতে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে পিরোজপুর, খুলনা, ঢাকা ও অন্যান্য রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন।

ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু কোনো বাস ছাড়ছে না। বাস চলাচল বন্ধ থাকায় জরুরি কাজে ঢাকায় যেতে পারছি না।’

যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধান এবং যাত্রী পরিবহন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।

সময়ের আলো/মহু
২৪ আগস্ট, ২০২৬

আরও - জেলা সংবাদ