-
Facebook
-
Twitter
-
Linkedin
সৌদিতে নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ
শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকায় পাঠানো জেদ্দা কনস্যুলেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে- সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। হতাহত ব্যক্তিদের সবার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কনস্যুলেটের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা তিন পরিবারের সদস্য। তাদের মধ্যে তিন পরিবারের প্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন।
ওই কোম্পানির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেট কর্মকর্তাদের জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে প্রতিষ্ঠানটির চার বাংলাদেশি কর্মী এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। কনস্যুলেটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার ছিল। ট্রাফিক বিভাগের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের পরিচয় সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াউর রহমান, তার দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা দুর্ঘটনায় মারা গেছেন। তার স্ত্রী শাকিরা ও আরেক মেয়ে ইউসরা হাসপাতালে চিকিৎসাধীন।
একই দুর্ঘটনায় আলম শাহ তার স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন। তবে তিনি ও তার ছেলে ফয়সাল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি নিহত হয়েছেন। আহত অপর ব্যক্তি গফুর আলম।
নিহত ব্যক্তিদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতাল ও খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
কনস্যুলেটের প্রতিবেদনে আরও জানানো হয়, দুর্ঘটনার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে সঙ্গে নিয়ে খোলাইস ট্রাফিক অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তারা।
৮ নভেম্বর, ২০২৬