সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 9, 2026 10:00 pm

কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়ে ১৫ ডিগ্রির তাপমাত্রা

আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ওই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল। এর আগের দিন শনিবার (৭ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকেই জেলার তাপমাত্রায় নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৮ ডিগ্রি। এরপর ৩ নভেম্বর ১৯ দশমিক ৭, ৪ নভেম্বর ১৭ দশমিক ৪, ৫ নভেম্বর ১৯, ৬ নভেম্বর ১৭ দশমিক ৭, ৭ নভেম্বর ১৭ দশমিক ২ এবং ৮ নভেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ সোমবার তা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের উত্তরের সীমান্তবর্তী এ জেলায় প্রতিবছরই তুলনামূলক আগে শীতের অনুভূতি শুরু হয়। হিমালয়ের পাদদেশের এ জনপদে সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি, যা থাকছে সকাল পর্যন্ত। তবে দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভূত হওয়ায় দিন ও রাতের তাপমাত্রায় দেখা দিয়েছে ভিন্নতা।

এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যথাক্রমে ১৫ দশমিক ৪ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ২৯ অক্টোবর তাপমাত্রা বেড়ে ২০ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছালে কয়েক দিনের জন্য শীতের অনুভূতি কিছুটা কমে যায়। নভেম্বরের শুরু থেকে আবারও তাপমাত্রা কমতে থাকায় উত্তরের এ জনপদে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।

জানা গেছে, ভোরের দিকে ও সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার মাত্রাও বাড়ছে। তবে সকাল গড়িয়ে সূর্যের তাপ বাড়লে শীতের অনুভূতি অনেকটাই কমে যায়। দুপুরের দিকে কিছুটা গরমও অনুভূত হচ্ছে। ফলে একই দিনে শীত ও গরমের ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে মানুষের।

পঞ্চগড় থেকে ফিরে
মুহাম্মদ শাহ্ জামাল
৯ নভেম্বর, ২০২৬

আরও - জেলা সংবাদ