সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 12, 2026 7:06 pm

বিশ্বের সবচেয়ে ছোট ১০ বিমানবন্দর

বিমানবন্দর বলতেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল টার্মিনাল, দীর্ঘ রানওয়ে ও ব্যস্ত উড়োজাহাজের আনাগোনা। কিন্তু বিশ্বের সব বিমানবন্দরের চিত্র এমন নয়। কোথাও পাহাড়ের খাড়া ঢালে, কোথাও সমুদ্রসৈকতের বালুতে, আবার কোথাও সাগরের মাঝখানে সরু ভূখণ্ডে তৈরি হয়েছে বিমানবন্দর। আকারে ছোট এসব বিমানবন্দরের কোনো কোনোটি আবার অবতরণ ও উড্ডয়নের জন্য বেশ চ্যালেঞ্জিংও। রানওয়ের দৈর্ঘ্য, অবকাঠামো ও বিমান চলাচলের ধরন বিবেচনায় বিশ্বের এমন ১০টি ছোট বিমানবন্দরের কথা তুলে ধরা হলো।

জুনাকো ই. ইরাসকুইন বিমানবন্দর, নেদারল্যান্ডস

ক্যারিবীয় সাগরের সাবা দ্বীপে অবস্থিত জুনাকো ই. ইরাসকুইন বিমানবন্দর। মাত্র ৪০০ মিটার দীর্ঘ রানওয়েটি বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক বিমান চলাচলের রানওয়েগুলোর একটি। দুই প্রান্তেই রয়েছে সমুদ্রের খাড়া কিনারা। ফলে, এখানে অবতরণ বা উড্ডয়নের সময় সামান্য ভুলও বড় বিপদের কারণ হতে পারে।

এ কারণে বিমানবন্দরটিতে কেবল স্বল্প দূরত্বে উড্ডয়ন ও অবতরণে সক্ষম ছোট উড়োজাহাজ চলাচলের অনুমতি রয়েছে। পাইলটদেরও বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। ঝুঁকি থাকলেও সাবা দ্বীপের বাসিন্দা ও পর্যটকদের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম।

তেনজিং-হিলারি বিমানবন্দর, নেপাল

মাউন্ট এভারেস্টের কাছাকাছি হিমালয়ের উঁচুতে অবস্থিত তেনজিং-হিলারি বিমানবন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ৪০০ ফুট উচ্চতায় থাকা বিমানবন্দরটির রানওয়ে ৫২৭ মিটার দীর্ঘ। রানওয়েটি খাড়া ঢালে তৈরি হওয়ায় উড্ডয়নের সময় বিমান দ্রুত গতি পায়। তবে, অবতরণের সময় পাইলটদের হাতে থাকে খুব কম সুযোগ।


তীব্র বাতাস, কুয়াশা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এখানে বিমান চলাচলকে কঠিন করে তোলে। তারপরও এভারেস্ট বেস ক্যাম্পের পথে যাওয়া পর্বতারোহী ও পর্যটকদের জন্য এটি অন্যতম প্রধান প্রবেশপথ।

বারা বিমানবন্দর, স্কটল্যান্ড

স্কটল্যান্ডের আউটার হেব্রাইডস অঞ্চলের বারা দ্বীপে অবস্থিত এই বিমানবন্দর। এর বিশেষত্ব হলো, এখানে নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের বিমানগুলো বালুময় সমুদ্রসৈকতকে রানওয়ে হিসেবে ব্যবহার করে। বিশ্বের এমন বিমানবন্দর আর নেই।

জোয়ার-ভাটার ওপর নির্ভর করে এখানে বিমান ওঠানামার সময় নির্ধারিত হয়। ভাটার সময় সমুদ্রসৈকতের সমতল বালুতে বিমান অবতরণ করে। জোয়ার এলে সেই রানওয়ে পানির নিচে চলে যায়। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে তৈরি এই বিমানবন্দর পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়।

কোরচেভেল আল্টিপোর্ট, ফ্রান্স

ফ্রান্সের আল্পস পর্বতমালার স্কি রিসোর্ট এলাকায় অবস্থিত কোরচেভেল আল্টিপোর্ট। মাত্র ৫৩৭ মিটার দীর্ঘ রানওয়েটি পাহাড়ের খাড়া ঢালে তৈরি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৫০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত এই বিমানবন্দরে অবতরণ করা পাইলটদের জন্য বেশ কঠিন।

রানওয়ের ঢাল ও আশপাশের পাহাড়ি পরিবেশের কারণে এখানে নিখুঁতভাবে বিমান নামাতে হয়। সাধারণত হেলিকপ্টার ও ছোট ব্যক্তিগত উড়োজাহাজ চলাচলের জন্য বিমানবন্দরটি ব্যবহৃত হয়।


আগাত্তি অ্যারোড্রোম, ভারত

ভারতের লাক্ষাদ্বীপের আগাত্তি দ্বীপে অবস্থিত এই বিমানবন্দর। ভারত মহাসাগরের মাঝখানে প্রবালপ্রাচীরের ওপর গড়ে ওঠা দ্বীপটির ভূখণ্ড বেশ সরু। প্রায় ১ হাজার ২০০ মিটার দীর্ঘ রানওয়ের দুই পাশেই রয়েছে পানি।

এখানে বিমান ওঠানামার সময় পাইলটদের অত্যন্ত সতর্ক থাকতে হয়। রানওয়ের সীমিত জায়গার কারণে সামান্য বিচ্যুতিও বিপজ্জনক হতে পারে। ছোট আকারের হলেও লাক্ষাদ্বীপের সঙ্গে আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লুয়াং নামথা বিমানবন্দর, লাওস

উত্তর লাওসের পাহাড় ও বনভূমি ঘেরা এলাকায় অবস্থিত লুয়াং নামথা বিমানবন্দর। গ্রামীণ অঞ্চলের মানুষের যাতায়াতের পাশাপাশি পর্যটকদের চলাচলেও এটি ভূমিকা রাখে। বিমানবন্দরটির রানওয়ে তুলনামূলক ছোট এবং এখানে ফ্লাইটের সংখ্যাও সীমিত।

বেশিরভাগ সময় বিমানবন্দর এলাকা থাকে নিরিবিলি। মাঝেমধ্যে ছোট প্রপেলারচালিত বিমান এসে যাত্রী নিয়ে আবার উড়ে যায়। উত্তর লাওসের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।

হেলগোল্যান্ড বিমানবন্দর, জার্মানি

উত্তর সাগরের ছোট দ্বীপ হেলগোল্যান্ডে অবস্থিত এই বিমানবন্দর। এর রানওয়ে মাত্র ৪৮০ মিটার দীর্ঘ। সমুদ্রের প্রবল বাতাস ও সীমিত জায়গার কারণে এখানে বিমান অবতরণে পাইলটদের বিশেষ দক্ষতার প্রয়োজন হয়।

সাধারণত ছোট ও হালকা উড়োজাহাজ দিয়ে মূল ভূখণ্ড থেকে পর্যটকদের দ্বীপে আনা-নেওয়া করা হয়। আকাশপথে এই যাত্রায় সময় লাগে প্রায় ২০ মিনিট। তবে, সমুদ্রের বুক থেকে উঠে আসা দ্বীপটির দৃশ্য যাত্রীদের জন্য বাড়তি আকর্ষণ।

ইরাসকুইন বিমানবন্দর, আরুবা

আরুবার রাজধানী ওরানিয়েস্টাডের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইরাসকুইন বিমানবন্দর। শহর থেকে এর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। বিমানবন্দরটিতে ১১/২৯ নম্বরের একটি রানওয়ে রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৮০৮ মিটার এবং প্রস্থ ৪৫ মিটার।

তবে, তালিকার অন্য বিমানবন্দরগুলোর তুলনায় এর রানওয়ে বেশ দীর্ঘ। ফলে, ছোট বিমানবন্দরগুলোর তালিকায় এর অবস্থানের ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে।

টিকসি বিমানবন্দর, রাশিয়া

রাশিয়ার সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে অবস্থিত টিকসি বিমানবন্দর। দূরবর্তী টিকসি শহরকে দেশটির অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ অঞ্চলের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়। রানওয়েতে প্রায়ই বরফ ও তুষার জমে থাকে। খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হওয়াও স্বাভাবিক ঘটনা। তারপরও বিচ্ছিন্ন এই জনপদের মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সরবরাহ পৌঁছে দিতে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ।

ফাঞ্চাল বিমানবন্দর, পর্তুগাল

পর্তুগালের মাদেইরা দ্বীপে অবস্থিত ফাঞ্চাল বিমানবন্দর। এটি ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। একসময় ছোট রানওয়ে ও পাহাড়-সমুদ্রঘেরা অবস্থানের কারণে এখানে বিমান অবতরণ ছিল বেশ কঠিন।

আটলান্টিক মহাসাগর থেকে আসা প্রবল বাতাসও বিমান চলাচলে ঝুঁকি তৈরি করত। তবে, পরবর্তী সময়ে রানওয়ে সম্প্রসারণসহ আধুনিকায়নের ফলে বিমানবন্দরটি এখন আগের তুলনায় অনেক বেশি উন্নত ও নিরাপদ। তবু, এর ভৌগোলিক অবস্থান এবং বিমান অবতরণের চ্যালেঞ্জের কারণে এটি আলোচনায় থাকে।

সূত্র : ভ্যানগার্ড নিউজ

সময়ের আলো/মহু
১১ নভেম্বর, ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ

আরও - ভিন্ন খবর