সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:33 am

মাঝ আকাশে বিমানে পাখির আঘাত, ১৫৪ যাত্রী নিয়ে নিরাপদে ফিরল ফ্লাইট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজের পাখায় পাখির আঘাত (বার্ড স্ট্রাইক) লাগে। এ সময় প্রায় ২৫০০ ফুট ওপরে ওঠার পরই ফ্লাইটটি নিরাপদে বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং সফলভাবে অবতরণ করে।

শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এরপর বিকল্প ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠায় বিমান বাংলাদেশ এয়রলাইনস।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক এই ফ্লাইটটি (বিজি ৫৮৪) সকাল ৮টা ৩৮ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজের পাখায় পাখির আঘাত লাগে। প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় ক্যাপ্টেন বিষয়টি বুঝতে পেরে বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এবং বে-১৪ নম্বরে পার্ক করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার অপূর্ব দেওয়ান বলেন, উড্ডয়নের পর উড়োজাহাজের পাখায় পাখির আঘাত লাগে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে।

শাহজালাল সূত্র জানায়, বিমানের ইঞ্জিন কাউলিংয়ে রক্তের দাগ পরিলক্ষিত হয়, যা সম্ভাব্য পাখি সংঘর্ষের (বার্ড স্ট্রাইক) ইঙ্গিত করে। পরবর্তীতে বিকল্প ফ্লাইট বিজি ৫৮৪ দুপুর ১টা ৪৫ মিনিটে ১৫৪ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

এ তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে বলেন, ‘সিঙ্গাপুরের ওই ফ্লাইটটি টেক-অফের পরপরই বার্ড হিট হয়। পরে সেটি ফেরত আসে। ফেরত আশা উড়োজাহাজে পাখির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

সময়ের আলো/ ২৮ জুন, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ