সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 3:15 pm

প্রবাসীদের জন্য বড় সুখবর 

প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন, সেজন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান ব্যাগেজ রুলস আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে গত ২ জুন এনবিআর নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা আজ (২ জুলাই) থেকে কার্যকর হবে। গত ২ জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে।

সংশোধিত ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো—
# সাধারণ যাত্রীরা প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন, এতে শুল্ক পরিশোধ করতে হবে না। তবে, শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন তারাই আনতে পারবেন, যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থান করেছেন।

# কোনো ধরনের শুল্ক-কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন।

# বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে, এতে প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করতে হবে।

# ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে আগত সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ছাড়ার আগেই ব্যাগেজ ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরিবর্তন ছাড়া ব্যাগেজ রুলসংক্রান্ত অন্য সুবিধাগুলো অপরিবর্তিত রয়েছে।

সময়ের আলো ডেস্ক/২ জুলাই, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ