সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:35 am

‘শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না’ 

শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই এ মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের এ মুখ্য সংগঠক।

পোস্টে সারজিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।

তিনি লেখেন, যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে।

তিনি আরও লেখেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের সিডিউলভূক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।


সময়ের আলো ডেস্ক/১০ জুলাই, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ